কর্ণফুলীতে তেলের ট্যাঙ্কারে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ওটি শাওন নামে ভাসমান তেলের ট্যাঙ্কারে ওয়েল্ডিং করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. জুনায়েদ (৩২)। এ ঘটনায় এক ব্যক্তি নিখোঁজ ও কয়েকজন আহত হয়েছেন। গত বুধবার রাতে কর্ণফুলী নদীর দক্ষিণ পারে চরপাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নদীতে তেলের ট্যাঙ্কারটির ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাঁপ দেন। এতে নিখোঁজ হন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের আবুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)। এদিকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

এ বিষয়ে সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্যাঙ্কারটি অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে মালিকপক্ষ। তারা শ্রমিকদের উদ্ধার ও চিকিৎসার বদলে ট্যাঙ্কার সরানোয় বেশি ব্যস্ত ছিল। এ কারণে শ্রমিকদের অবস্থা বেশি নাজুক হয়েছে। নিখোঁজ শ্রমিকের সন্ধান ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।