বিশ্ববিদ্যালয়গুলোয় প্রযুক্তিনির্ভর অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং (অনলাইন ক্লাস ও প্রথাগত ক্লাসরুমের সংমিশ্রণ) কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকদের সক্ষমতা বাড়ানোর ওপর তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ এই তাগিদ দেন।
কাজী শহীদুল্লাহ বলেন, ‘উন্নত দেশগুলোর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা-পরবর্তী অনলাইন শিক্ষা ও ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে টেকসই করতে ইউজিসি ব্লেন্ডেড লার্নিং পলিসির খসড়া চূড়ান্ত করেছে, যা প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।’