আসেনসিও-বেনজেমায় উড়ছে রিয়াল

এক ম্যাচে আগে হ্যাটট্রিক করেছিলেন করিম বেনজেমা। বুধবার লা লিগায় হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও। বেনজেমাও করেছেন দু’গোল। দুজনের কৃতিত্বে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ফের লিগ শীর্ষে উঠে গেছে রিয়াল।

আসেনসিওর জন্ম পালমাতে। ১০ বছর বয়সে সেখানেরই ক্লাব মায়োর্কার হয়ে ফুটবলে হাতেখড়ি। রিয়ালে যোগ দেওয়ার পরও ধারে ২০১৪-১৫ পর্যন্ত মায়োর্কাতেই খেলেন এই উইঙ্গার। সেই ক্লাবের বিপক্ষেই রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন। ম্যাচের ২৪, ২৯ ও ৫৫ মিনিটে গোলগুলো করেন তিনি। তবে স্বাগতিকদের গোলের শুরুটা করেছিলেন বেনজেমা, খেলার তিন মিনিটে। ৭৮ মিনিটে করেন চলতি লিগে তার ৮ম গোল, যে গোলটি লা লিগায় তার ২০০তম। লা লিগা ইতিহাসে এই কীর্তি গড়া ১০ খেলোয়াড় তিনি। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘করিম দারুণ করছে। শুধু নিজের জন্য নয়, দলের জন্যও। সে একজন পরিপূর্ণ স্ট্রাইকার। আসেনসিও আজ দারুণ খেলেছে। সে যে পজিশনে খেলে যে কোনো দলকে ভুগাতে পারে। তার দারুণ প্রতিভা আছে।’ হ্যাটট্রিকম্যান আসেনসিও বলেন, ‘আমার জন্য এটি ছিল বিশেষ এক ম্যাচ। এই ক্লাবের প্রতি আমার টান অন্যরকম। এখানেই (মায়োর্কা ক্লাবে) আমি বড় হয়েছি। তারা মৌসুমে ভালো শুরু করেছিল, আশা করছি বাকিটাও ভালো করবে।’

ছয় ম্যাচে ৫ জয় ও ১ ড্রতে ১৬ পয়েন্টে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে ১৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ৬ ম্যাচে দুই জয়, দুই ড্রতে ৮ পয়েন্টে দশ নম্বরে মায়োর্কা।