চার মাস পর করোনায় মৃত্যুশূন্য খুলনা বিভাগ

খুলনা বিভাগে করোনা সংক্রমণ কমেছে। ফলে চাপ কমেছে হাসপাতালগুলোতে। মৃত্যু ও শনাক্তের হার হ্রাস পেয়েছে। চার মাসে গত ২৪ ঘণ্টায় বিভাগ জুড়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গত ২৭ মে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল। গতকাল শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সর্বশেষ গেল ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৮০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩.৯১ শতাংশ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১০ জন। গত বৃহস্পতিবার খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছিল। ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছর ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ১ লাখ ১১ হাজার ৮৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ১২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫ হাজার ৭৯১ জন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৬৩ জনের। এছাড়া যশোরে ৪৮৮, ঝিনাইদহে ২৬৫, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২১, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ২৫ জন করে। এছাড়া খুলনায় আট, বাগেরহাটে চার, সাতক্ষীরায় তিন, যশোরে ছয়, মাগুরায় এক, ঝিনাইদহে দুই, চুয়াডাঙ্গায় চার ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।