মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হালনাগাদ তালিকা অনুযায়ী শুধু ঢাকা বিভাগে সাড়ে ৩ হাজার মাদক কারবারি রয়েছে। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
তিনি বলেন, ‘মাদক কারবারিদের তালিকা করা আমাদের একটি নিয়মিত কাজ। সর্বশেষ দুই মাস আগে মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করা হয়েছে। শুধু ঢাকা বিভাগেই সাড়ে ৩ হাজার মাদক কারবারি রয়েছে। এ তালিকা ধরে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর একাধিক এলাকা থেকে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ফজলুর রহমান আরও বলেন, গত ২১ আগস্ট বনানী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম আইসসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫৬০ গ্রাম আইস ও ১ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গ্রেপ্তার পাঁচজন হলো জাকারিয়া আহমেদ (৩২), তারেক আহম্মেদ (৫৫), সাদ্দাম হোসেন (৩১), শহিদুল ইসলাম খান (৪৮) ও জসিম উদ্দিন (৫০)। তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা, গুলশান ও রমনা থানায় মামলা করা হয়েছে।
আইস ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য উল্লেখ করে তিনি বলেন, ‘আইস একটি ভয়ংকর মাদক, যা ইয়াবা থেকেও বহুগুণ শক্তিশালী। এটি মানব মস্তিষ্কের নিউরনে ব্যাপক প্রভাব ফেলে।’