গুলশান-বনানীতে পানি ও বিদ্যুৎ বিল বাড়ানোর প্রস্তাব এলজিআরডি মন্ত্রীর

গুলশান-বনানীসহ অভিজাত এলাকার জন্য পানি ও বিদ্যুৎ বিল বাড়ানোর প্রস্তাব রেখেছেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ’হোল্ডিং ট্যাক্স বাড়ান, গ্যাসের দাম বাড়ান, পানির দাম বাড়ান অভিজাত এলাকার জন্য। মানুষ তখন দামি এলাকা থেকে গিয়ে আরেকটু দূরে যাবে।’

বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, ‘আপনি গুলশানে বসবাস করেন, কেউ বসবাস করে যাত্রাবাড়ীতে, দূরে; পানির দাম যদি গুলশানেও ১৪ টাকা হয়, যাত্রাবাড়ীতেও ১৪ টাকা হয়, এটা কি মানুষের জন্য যথাযথ কিছু হল? আমি বলি, এটা যেহেতু অভিজাত এলাকা, এটার জন্য দাম বেশি হবে। জোনভিত্তিক ইউটিলিটি চার্জও নির্ধারণ করতে হবে। আপনি এখানে অভিজাত সুযোগ-সুবিধা ভোগ করছেন, আপনাকে বেশি দিতে হবে।‘

শুক্রবার এক সেমিনারে তিনি এই প্রস্তাব বিবেচনা করতে সিটি করপোরেশন মেয়রদের প্রতি আহ্বান জানান।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী।

রাজধানী ঢাকাসহ সব নগর-মহানগর এমনকি গ্রামকেও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু হয়েছে।

ঢাকার ভবনগুলোর উচ্চতার বিষয়ে গেজেট আগামী ডিসেম্বরে প্রকাশ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে গেজেট করে ফেলব। এর মাধ্যমে আমরা অনেকগুলো সুযোগ-সুবিধা পাব। ইন্টারনাল-এক্সটার্নাল সুযোগ-সুবিধা সব থাকবে।’

সেমিনারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, যেসব ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে, সেসব ভবন মালিকদের বিশেষ হোল্ডিং কর রেয়াত দেওয়া হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট এর অধ্যাপক মফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।