সৌরভকে দেখে ডান থেকে বাম ভেঙ্কটেশ

আইপিএলে নতুন নায়ক হয়ে উঠেছেন ভেঙ্কটেশ আয়ার। আরব আমিরাতে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অভিষিক্ত এই বাঁহাতি ওপেনার দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে বদলে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। প্রথম পর্বে সাত ম্যাচে পাঁচ পরাজয়ের বিপরীতে দুই জয় পাওয়া কেকেআর টানা দ্বিতীয় জয় পেয়েছে দ্বিতীয় পর্বে। বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে ৯৩ রান তুলতে গিয়ে ২৭ বলে ৪১ রান করেন ভেঙ্কটেশ। বৃহস্পতিবার ৩০ বলে ৫৩ রানের ইনিংস দিয়ে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। রাহুল ত্রিপাঠি ৪২ বলে ৭৪ করে অপরাজিত ছিলেন।

আবুধাবিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছিল রোহিত শর্মার দল। প্রায় ৬ ওভার হাতে রেখে কলকাতার জয় সম্ভব হয়েছে আয়ারের ধুন্ধুমার ব্যাটিংয়ের কারণেই। অথচ ম্যাচে তার খেলা নিয়েই সংশয় ছিল। এমনকি ক্রিকেটারও না হতে পারতেন। মধ্যপ্রদেশ থেকে এমবিএ করেছেন আয়ার। দেশের অন্যতম সেরা সংস্থায় চাকরিও পেয়েছিলেন। মোটা অঙ্কের সেই চাকরি করেননি। আয়ারের বন্ধু মধ্যপ্রদেশের পেসার আনন্দ রাজন বলেন, ‘দোটানায় ছিল আয়ার। ক্রিকেট খেলতে চেয়েছিল। তাই সেই দিকেই এগিয়ে এলো। সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। ব্যর্থ হলে দ্বিতীয় পরিকল্পনাও তৈরি ছিল আয়ারের কাছে।’

ছোটবেলায় ডান হাতে ব্যাট করতেন। বড় হয়ে বামহাতি ওপেনার হয়ে ওঠার পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছেন সৌরভ গাঙ্গুলি। ভেঙ্কটেশ জানান, ‘আইপিএলে কলকাতার হয়েই খেলতে চাইতাম। কারণ, এই দলের অধিনায়ক ছিলেন সৌরভ। এই দল আমাকে বেছে নেওয়ায় স্বপ্ন পূরণ হলো আমার। খুব সহজেই দলের সবার সঙ্গে মিশে গিয়েছিলাম। দাদার বিশাল ভক্ত আমি। সারা পৃথিবীতে তার প্রচুর ভক্তের মধ্যে আমি একজন। আমার ব্যাটিংয়ে তার একটা কৃতিত্ব রয়েছে। ছোটবেলায় ডান হাতে ব্যাট করতাম। কিন্তু দাদাকে নকল করার চেষ্টা করতাম। যেভাবে ছয় মারতেন তিনি, সেগুলো করার চেষ্টা করতাম। আমার জীবনে খুব বড় ভূমিকা রয়েছে তার। সৌরভ যদিও জানেন না সেটা। সুযোগের অপেক্ষা করছিলাম। জানতাম এক দিন সেটা পাবই।’

অথচ মুম্বাইয়ের বিপক্ষে ভেঙ্কটেশকে প্রথম একাদশে খেলাতে বেশ ভাবতে হয়েছে অধিনায়ক ইয়ন মরগানকে, ‘ওকে আমাদের প্রথম একাদশে জায়গা দেওয়াটা খুব কঠিন হচ্ছিল। বুঝতে পারছিলাম না ওকে কোথায়, কীভাবে খেলাব। আমাদের দলে প্রচুর প্রতিভা, প্রচুর ভালো ক্রিকেটার। তবে ওকে সুযোগ দেওয়ার সময় আমরা বলেনি যে, কতগুলো ম্যাচে সুযোগ দেওয়া হবে।’ মরগান আরও বলেন, ‘ও যেভাবে রান করছে, মনে হচ্ছে আমাদের নেটে প্র্যাকটিস করতে নেমেছে। কোচই (ব্রেন্ডন ম্যাককালাম) ওকে এভাবে খেলার ছাড়পত্র দিয়েছে।’ ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা ভেঙ্কটেশের ব্যাপারে ম্যাককালামের কথাÑ ‘যেভাবে ও খেলে, যেসব স্ট্রোক নেয়, ধারাবাহিকতা রাখতে পারা কঠিন হতে পারে। তবে যেদিন সে তার নিজের খেলা খেলে, সেদিন ম্যাচ জেতার ক্ষমতা তার আছে। ১০০, ১০০ করার পর হয়তো দেখবেন পরের দুই ম্যাচে ০ মারল। অ্যাডাম গিলক্রিস্টের মতো খেলোয়াড়।’