রানীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা আফরোজা বেগম (৫০) ও তার ছেলে আব্দুল কাদেরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলমগীর হোসেন বলেন, বিকেলে ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল কাদের আমন খেতে পানি দিতে যায় নিজের সেচ পাম্পের ঘরে যায়। মেশিন চালু করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে বাড়ি ফিরে না আসলে মা এগিয়ে যায় সেচ পাম্পের ঘরে। সেখানে গিয়ে ছেলেকে ধরা মাত্র গিয়ে মাও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে মা ও ছেলে মরদেহ উদ্ধার করে।