চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টায় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছৈয়দুল ইসলাম (৩৮) চট্টগ্রাম জেলার হাটহাজারি এলাকার তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছৈয়দুল ইসলাম সহ তার সঙ্গে থাকা আরও একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহ.) এর মাজার জেয়ারতের উদ্দেশে বের হয়।
বাঁশখালীর চাম্বল বড় মাদ্রাসা পর্যন্ত পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ ঘটে।
এ সময় ছৈয়দুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহীর মাথার একপাশ থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন।
বাঁশখালী স্কয়ার ক্লিনিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাবেদুল ইসলাম বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হয়।
বাঁশখালী স্কয়ার ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে চমেকে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় শনিবার ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান চমেক হাসপাতালে পুলি বক্স এ দায়িত্বরত পুলিশ পরিদর্শক নুরুল আলম আশেক জানান।