নতুন সিজনে তুর্কি ধারাবাহিক ‘বাহার’

দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে তুর্কি ধারাবাহিক ‘বাহার‘ এর নতুন সিজন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রচারিত হবে নাটকটি। এ উপলক্ষে শনিবার দীপ্ত টিভির নিজস্ব ভবনে প্রেস শো অনুষ্ঠিত হয়। দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চ্যানেলটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে বাহারের সিজন-১ প্রচারিত হওয়ার পর দর্শকের বিপুল চাহিদার প্রেক্ষিতে দীপ্ত টিভি সিজন-২ ও সিজন-৩ প্রচারের সিদ্ধান্ত নেয়। ‘বাহার’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন। অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

চরিত্র ও কণ্ঠাভিনেতার তালিকায় আছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর ), ইয়েলিয (পর্ণা মিটিল্ডা কস্তা)।   

 

বাহারের জীবনে সার্প ফিরে আসবে কি আসবে না? এই সংশয় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের গল্প। নিজের আবেগ আর ইন্দ্রিয় জ্বালায় সার্প যখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের সন্ধানে, তখনই আরিফের সাথে বাহারের সম্পর্ক আরও পরিণত হতে থাকে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছে? বাহারের স্বপ্ন যাই হোক, ওর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন কি ওকে বোন ম্যারো দিয়ে সাহায্য করবে? নাকি সার্পের অস্তিত্ব গোপন করতে মেতে উঠবে কোন নতুন ষড়যন্ত্রে? শিরিনের এই ষড়যন্ত্রে কি যোগ দেবে পিরিল আর সুয়াতরাও? নাকি শিরিনের চেয়েও ভয়ংকর থাবা নিয়ে সার্প আর বাহারদের তাড়িয়ে বেড়াবে কোন বিষাক্ত অতীত! জীবনের এই মঞ্চ কোথায় নিয়ে দাঁড় করাবে বাহার আর সার্পকে? এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী বা হারাবে আরিফ, জেইদা আর ইয়েলিযরা? এরকম দ্বান্দ্বিকতা নিয়েই এগিয়ে যাবে বাহারের নতুন সিজন।