গণতন্ত্র না থাকায় রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে: এমরান সালেহ প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ না থাকায় বাংলাদেশে রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। যতই প্রশিক্ষণ দেয়া হোক না কেন, গণতন্ত্র না থাকায় তা বাস্তবায়ন করা দুরূহ।

তিনি শনিবার সকালে ময়মনসিংহে এক হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ,কে,এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় মহানগর  নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপে মূল বক্তব্য উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র পরিচালক আবদুল আলীম। দিনব্যাপী ওয়ার্কশপে ময়মনসিংহ মহানগর বিএনপির জন্য আগামী দুই বছরের  কৌশলগত পরিকল্পনা প্রণয়নে গ্রুপ পর্যালোচনা করে কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।

ওয়ার্কশপে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এড.আবদুল হান্নান খান, শামীম আজাদ, মাহবুবুল আলম, বিএনপি নেতা রতন আকন্দ, সুলতান আহমেদ, ইকবাল চৌধুরী বাবলা, সৈয়দ শরীফ, পার্থ সারথী সিনহা ,আতিয়া ফাইরুজ মলি, খন্দকার মাহবুবা, জামাল উদ্দিনসহ ২০ নেতা অংশ নেন।

ওয়ার্কশপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শাম্মী লায়লা ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী নার্গিস আক্তার সহযোগিতা করেন।