দেশীয় নির্মাতা ও অভিনেতাদের নিয়ে হইচইয়ের পাঁচ সিরিজ

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পঞ্চম বর্ষে বাংলাদেশ থেকে শঙ্খ দাস গুপ্ত, তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি এবং আশফাক নিপুণ এর পরিচালনায় ৫ টি নতুন অরিজিনাল সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে।

শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় আসছে ‘বলি’ সিরিজ। সোহরাব – রুস্তম – নাম দুটির সাথে বাঙ্গালীর আবেগ জড়ানো। প্রাচীন এক লোককাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন/থ্রিলার ‘বলি’ যেখানে মূল দুইটি চরিত্রে অভিনয় করেছেন তাকদীর দিয়ে দেশ মাতানো জুটি – চঞ্চল চৌধুরী এবং সোহেল মন্ডল।

 

তানিম নূর পরিচালনা করছেন ‘কাইজার’ নামের সিরিজ। এতে কাইজার একজন ভিডিও গেমে আসক্ত হোমিসাইড ডিটেক্টিভ। অস্বাস্থ্যকর সব অভ্যাস তার ব্যক্তি ও পেশা জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলে। আরও শোনা যায় – কাইজার নাকি রক্ত ভয় পায়!

অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করছেন ‘বোধ’ ওয়েব সিরিজ। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বোধের জাগরন এবং বিবেকের দংশন নিয়েই এটি নির্মিত হচ্ছে।

তাকদীরের আকাশচুম্বী সাফল্যের পর সৈয়দ আহমেদ শাওকির নতুন ন্যারেটিভ থ্রিলার সিরিজ ‘কারাগার’। একটি জেল। সেল নাম্বার ৫০১। সেলটিতে রাখা বেশ কিছু কয়েদীর আত্মহত্যার পর থেকে সেলটি দীর্ঘদিন ধরে বন্ধ। এক সকালে সেলটিতে এক কয়েদীকে খুঁজে পাওয়া যায় যে দাবী করে সেলের ভেতরে সে ২০০ বছর ধরে বন্দী।

দুই বাংলা কাঁপানো ওয়েব সিরিজ মহানগরের পর আশফাক নিপুণ নিয়ে আসছেন ‘সাবরিনা’ নামের ওয়েব সিরিজ। যেখানে সামাজিক অবস্থান নির্বিশেষে নারীদের উপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। দুই নারীকে কেন্দ্র করে শিহরণ জাগানো একটি গল্প।