সিরিয়ায় দশ বছরের যুদ্ধে কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার ২০৯ জনের প্রাণহানি হয়েছে। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটি বলছে, এই হিসাবও সঠিক নয়। কারণ অনেক মানুষের মৃত্যুর রেকর্ড পাওয়া যায়নি। ২০১৪ সালের পর এই প্রথম সিরিয়া যুদ্ধ নিয়ে মৃত্যুর হিসাব দিল মানবাধিকার কার্যালয়। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে দেওয়া এই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে লড়াইরত যোদ্ধাদেরও রাখা হয়েছে। নিহতের পূর্ণ নাম, মৃত্যুর তারিখ, কোথায় নিহত হয়েছে, সব নিয়ম কঠোরভাবে মেনে এই হিসাব দিয়েছে সংস্থাটি। এ কারণেই বলা হচ্ছে, এই হিসাব আনুমানিক। প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, ‘এসব তথ্যের ওপর ভিত্তি করে আমরা ৩ লাখ ৫০ হাজার ২০৯ জনের মৃত্যুর একটি তালিকা তৈরি করেছি।’