ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নেত্রকোনার সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মাছভর্তি পিকআপের ধাক্কায় পিকআপটির চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাছ ব্যবসায়ী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের সবুজ মিয়ার ছেলে রনি মিয়া (২০), তার চাচাতো ভাই জনি মিয়া (১৪) ও পিকআপ চালক আবু চান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ধর্মপাশার গাছতলা এলাকা থেকে মাছভর্তি পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাগড়া নামক স্থানে সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে চলন্ত পিকআপটির সজোরে ধাক্কা লাগে। এতে পিকআপে থাকা মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাতো ভাই জনি মিয়া ঘটনাস্থলে মারা যান। চালক আবু চানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফি রহমান জানান, খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার যোগিবিল চৌমুহনী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাজ উদ্দীন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তাজ উদ্দীন চিৎলিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাজ উদ্দীন। পথে চৌমুহনী এলাকায় মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।