চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: বশেমুরবিপ্রবি ছাত্রী গুরুতর আহত

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) তামান্না তন্নী নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। 

তিনি বশেমুরবিপ্রবি আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বোয়ালমারী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় দুর্বৃত্তদের ছোড়া একটি পাথর তামান্নার মাথায় লাগে এবং তিনি আহত হন। 

একই ট্রেনে এক সঙ্গে গোপালগঞ্জ আসছিলেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২য় বর্ষের ছাত্র মনিরুল ইসলাম উজ্জ্বল। 

তিনি এ দুর্ঘটনার বিষয়ে বলেন, আজ রাত ৯টার দিকে বোয়ালমারী রেলওয়ে স্টেশন পার হওয়ার পর তামান্না হঠাৎ মাথায় হাত দিয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা চিৎকার শুনে তার কাছে যাই এবং মাথায় হাত দিয়ে দেখি প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ট্রেনে কর্তব্যরত টিটির কাছ থেকে ফাস্টএইড বক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। 

গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার খান বলেন, রোগীর মাথার ডান পাশে আঘাত পেয়েছেন এবং ফুলে গেছে। রোগীর অবস্থা এখনই বলা সম্ভব নয়। সিটি স্ক্যান করলে বোঝা যাবে ব্রেইনে কোনো ধরনের আঘাত পেয়েছে কিনা। আপাতত তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, আহত ওই শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।