পরমব্রতকে ‘ভণ্ড’ বলে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়

বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে না দিতেই পুরোনো কথার রেশ ধরে ঝগড়া বাঁধিয়ে বসলেন গায়ক ও সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে সরাসরি ‘ভণ্ড’ বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। উত্তর দিলেন গায়ক অনুপম রায়ের এক মন্তব্যেরও।

কলকাতার সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে নাম করে পরমব্রতকে আক্রমণ করলেন তিনি।

বললেন, ‘যদি কথা বলতে হয়, সামনে এসে বললেই তো হয়। পেছনে অন্য লোককে ফোনে, হোয়্যাটসঅ্যাপে বলার কী মানে? এটা তো ছেলেমানুষি। যদি রাজনীতি করতে চান, সামনে এসে করুন। ভণ্ডামি করছেন বলে মনে হয়।’

ফেসবুক লাইভে প্রশ্ন এসেছিল, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বাবুলের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং সেই সংক্রান্ত ঘটনাক্রম নিয়ে। এ বিষয়ে কথা বলতে গিয়েই বাবুল বলেন, তিনি ছদ্ম-রাজনীতিবিদ নন। যা বলেন সামনে থেকে বলেন।

তারপরই পরমব্রতের প্রসঙ্গ টানেন বাবুল। বলেন, ‘যদি রাজনীতি করতে হয়, তা হলে সামনে এসে করতে পারেন। অনেক রাজনীতিবিদ আছেন যারা রাজনীতির সঙ্গে সঙ্গে গানবাজনাও করেন। তাই বলছি, সামনে এসে বলুন। পেছন থেকে অন্য মানুষকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে বলে কী হবে? এটা একেবারে ভণ্ডামি। হতে পারে পরমব্রত জনপ্রিয় অভিনেতা, কিন্তু ছদ্ম-রাজনীতি করবেন না। সরাসরি রাজনীতি করুন। আপনি যদি নিজের মত নিয়ে এতটাই আবেগপ্রবণ হন, তা হলে লোকের জন্য কোনো কাজ করুন।’

এই প্রসঙ্গে এসেছে গায়ক অনুপম রায়ের নামও। গত ১৯ সেপ্টেম্বর টুইটারে একটি পোস্ট করেন অনুপম। লেখেন, ‘একটা সময় মনে হতো, আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন অনেক দিন হলো মনে হয়, সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়।’

দলবদল নিয়ে অনুপমের এই পোস্টের প্রসঙ্গ উঠলে বাবুল জানিয়েছেন, ‘অনুপম আমার বন্ধু, ওর একটা মতামত থাকতেই পারে। কিন্তু ওর কথা নিয়েও আমার একটা বক্তব্য আছে। যে দলের সঙ্গে ওর রাজনৈতিক আদর্শের কোনো মিল নেই বলে মনে হয়, পেশাদার হলেও সেই দলের হয়ে তিনি গান গাইবেন কী করে? আমাকে যদি কোনো দল বলে, তুমি তো পেশাদার গায়ক, আমার জন্য একটা গান গেয়ে দাও, আমি তো মোটেই গাইব না।’

কিছুদিন আগে মন্ত্রীর পদ থেকে বাবুল সুপ্রিয়কে বাদ দেয় বিজেপি সরকার। এরপরই দল ছাড়েন তিনি।