যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী এক ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক জানায়, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে যাত্রী ও ক্রুদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন।

প্রায় ১৪১ জন যাত্রী ও ১৬ সদস্যের ক্রু নিয়ে শিকাগো থেকে সিয়াটলে যাচ্ছিল ট্রেনটি। স্থানীয় সময় শনিবার বিকেল চারটায় উত্তর মনটানায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয় এবং আটকে পড়েন যাত্রীরা।

মনটানার দুর্যোগ ও জরুরি সেবার কো-অর্ডিনেটর আমান্ডা ফ্রিকেল নিউইয়র্ক টাইমসকে জানান, আহতের সংখ্যা ৫০ জনের বেশি।

এদিকে, দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।