পেশাজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক ৮ অক্টোবর

ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর দেশের বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির ধারাবাহিক মতবিনিময় বৈঠকের সদস্যদের মতামতের সারসংক্ষেপ আগামী জাতীয় স্থায়ী কমিটির সভায় উপস্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করা হয়।

স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

এতে আরও বলা হয়, ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

এই দিবসটিতে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আগামী ১ অক্টোবর প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাতারবাড়ী ১২শ’ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটিতে সাত বছরে এক মাসে মাত্র ৪৫ শতাংশ অগ্রগতি হওয়ায় এবং ১৬ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে।

এতে বলা হয়, মেগা প্রকল্পগুলোতে সরকারের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে কয়লাভিত্তিক প্রকল্পের ফলে জলবায়ুর ওপরে বিরূপ প্রভাব এবং অন্যদিকে জনগণের ট্যাক্সের টাকায় এ ধরনের দুর্নীতি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।