ডিসেম্বরের মধ্যে অর্ধেকের বেশি মানুষকে করোনার টিকা দেয়া সম্ভব হবে: স্বাস্থ্যসচিব

স্বাস্থ্যসচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, ডিসেম্বরের মধ্যে দেশে অর্ধেকের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া সম্ভব হবে। টিকা নিয়ে এখন কোনো সমস্যা নেই। প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি ডোজ টিকা আমরা পাচ্ছি। ২৮ সেপ্টম্বর আরো বড় পরিসরে টিকা দেওয়া হবে। 

রোববার দুপুর আড়াইটায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় এসব বলেন স্বাস্থ্যসচিব।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহম্মেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপনসহ মেডিকেল কলেজ অধ্যক্ষ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন।

মানবিক ডাক্তার তৈরির জন্য মেডিকেল কলেজের শিক্ষকদের আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের সংখ্যা খুব কম। অতি দ্রুত পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হবে। 

পরে সচিব ও মহাপরিচালক নির্মাণাধীন পটুয়াখালী মেডিকেল কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।