বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু: মৃতের পরিবারের সঙ্গে সমঝোতা মালিকের

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশকে না জানিয়েই নিহতের মরদেহটি তার গ্রামের বাড়িতে পাঠিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। তবে, মালিকপক্ষ বলছে, তারা মৃতের পরিবারের সঙ্গে সমঝোতা করেছে।

শনিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার নবী দেওয়ানের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় বাগানবাড়ি এলাকার আব্দুল হালিমের বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নির্মাণ শ্রমিক শাহ আলম বাগানবাড়ি এলাকার নবী দেওয়ানের বাড়ির ছাদে রাজমিস্ত্রির কাজ করছিলেন। একপর্যায়ে তিনি নবী দেওয়ানের ছাদ থেকে একটি বাঁশ নামানোর চেষ্টা করলে ছাদের ওপরে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিএমকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাড়ির মালিকের ছেলে জুবায়ের জানান, ছাদে কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। আমরা মৃত শাহ আলমের পরিবারের সঙ্গে সমঝোতা করেছি।

জানতে চাইলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।