ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করেছেন।
তিনি বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টার ফলেই ডিএনসিসি এলাকার ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।’
শনিবার সকালে রাজধানীর মালিবাগ এলাকায় এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলায় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগান বাস্তবায়ন এবং ফগিং ও লার্ভিসাইডিংসহ অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের সময় ডিএনসিসি মেয়র একথা বলেন।
তিনি বলেন, ‘এডিস মশার বংশবিস্তার রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের প্রায় ১৭০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হচ্ছে। নিজেদের বাসাবাড়ি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’
এর আগে গত সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতার দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘অপপ্রচার-অপরাজনীতি সত্ত্বেও সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি।’