প্রবাসী চিকিৎসকের নাম-পদবি ব্যবহার: হাসপাতালকে জরিমানা

প্রবাসী চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে হবিগঞ্জের মুন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও এক চিকিৎসককে জরিমানা করা হয়েছে।

র‌্যাব ৯ মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতালের চিকিৎসক তাসনিম সুলতানা প্রবাসী গাইনি চিকিৎসক ডা. সামিয়া তাবাসসুমের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গোপন সূত্রে খবর  পেরে রোববার দুপুরে র‌্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে হাসপাতালে অভিযান চালায়। এ সময়  তাসনিম সুলতানার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা  যায়, তিনি এমবিবিএস পাস করলেও ইন্টার্নশিপ না করে অন্যজনের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছেন।

জিজ্ঞাসাবাদে তাসনিম সুলতানা বিষয়টি স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে র‌্যাব-হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসান জানান, দীর্ঘদিন প্রবাসী চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে আসছেন। বিষয়টি জানতে পেরে র‌্যাব অভিযান চালায়। পরে তাকে অর্থদণ্ড করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বলেন, তাসনিম সুলতানা অন্যজনের নাম-পদবি ব্যবহার করার অভিযোগে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি মুচলেকা রাখা হয়েছে।