ঢাবির গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ

দীর্ঘ দেড় বছর পর খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগার। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা করোনার টিকা নেয়ার শর্তে গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। এদিকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য বুথ স্থাপন করেছে ছাত্রলীগ। রবিবার সকালের দিকে গ্রন্থাগারের সামনে এ বুথ স্থাপন করা হয়। 

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, রোববার থেকে প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিজ্ঞান গ্রন্থাগারে আগত শিক্ষক, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে গ্রন্থাগারের সামনে করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। এখান থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা সার্জিক্যাল মাস্ক নিতে পারবেন এবং নিজেদের সুরক্ষিত রাখতে স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন। 

তিনি বলেন, তাদের ব্যবহৃত মাস্ক বুথের সংরক্ষিত বক্সে ফেলতে পারবেন।