ট্রেনে পাথর ছোড়া রোধে জনবল চেয়ে মন্ত্রণালয়ের প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ

চলন্ত ট্রেনে পাথর ছোড়া রোধে রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে আরও দেড় হাজার জনবল নিয়োগে মন্ত্রণালয়ের প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রবিবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “মন্ত্রণালয় তাদের নেওয়া পদক্ষেপের বিষয়ে কমিটিকে অবহিত করেছে। তারা জানিয়েছে বিদ্যমান জনবলের সঙ্গে আরও দেড় হাজার বাড়ানো গেলে কাজটা সহজ হবে। আমরা জনবল বাড়ানোর সুপারিশ করেছি।”

শনিবার পাথর ছুড়ে মারার দুটি পৃথক ঘটনায় এক শিক্ষার্থী ও একজন হিসাবরক্ষণ কর্মকর্তা আহত হন।

সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় জনবল বাড়ানো হলে ট্রেনে পাথর ছোড়া রোধে পদক্ষেপ নিতে সুবিধা হবে। আলোচনা শেষে জনবল বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সমন্বয়ের ফলে এ ধরনের দুর্ঘটনা অনেকটা কমেছে।

স্থায়ী কমিটি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করেছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রেলওয়ের সম্ভাব্য পরিকল্পনায় মুজিবনগরে নির্মিতব্য রেললাইনের সঙ্গে সম্পৃক্ত করে দর্শনা-জীবননগর-দত্তনগর-মহেশপুর-চৌগাছা-যশোর পর্যন্ত রেললাইন অন্তর্ভুক্ত করে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

এ ছাড়া এডিবির অর্থায়নে নির্মিত রেলওয়ের ওয়াশিং প্লান্টগুলো দ্রুত কার্যকর করার তাগিদ দেওয়া হয়।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।