স্কুলছাত্রী অপহরণের অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে মামলা

ঝালকাঠির রাজাপুরে বাবা-ছেলের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে। শনিবার গভীর রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর ফুপু বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার আদাখোলা গ্রামের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

অভিযুক্তরা হলেন- উপজেলার আরুয়া এলাকার মো. ইব্রাহীম হাওলাদার (৫০) ও তার ছেলে হাসিব হাওলাদার (২০)।

মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার হাসিব ভুক্তভোগী স্কুলছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন (২১ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ভুক্তভোগী তার বাড়ির সামনে হাঁটতে বের হলে হাসিব তাকে জোর করে মোটরসাইকেলে তুলে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে।

আরও জানা যায়, পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসিবের বাড়িতে স্থানীয় লোকজন নিয়ে উপস্থিত হলে সেখান থেকে হাসিব তার বাবা ইব্রাহীমের সহায়তায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তার করতে গত রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে।