বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট এফ. ভি সুরমা থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার সন্ধ্যায় ভাসানচর থেকে আনুমানিক ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।  

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ কোস্ট সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর মাছ ধরতে উদ্দেশ্যে এফভি সুরমা-১ নামে একটি মাছ ধরার নৌকা নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট থেকে ১৫ নিয়ে বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে সাংগু গ্যাস ফিল্ড থেকে দক্ষিণ-পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। 

তিনি বলেন, এ অবস্থায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নৌকাটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে কোস্ট গার্ড পূর্ব জোন জানতে পারে তাদের অবস্থান। এরপর স্টাফ অফিসারের (অপারেশন্স) নির্দেশে কোস্ট গার্ড স্টেশন ভাসান চরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। 

তিনি জানান, উদ্ধার ১৫ জেলেকে ভাসানচরে নিয়ে আসা হয়েছে। তাদের খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।