সড়কে প্রাণ গেল ৫ জনের

মেহেরপুর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে আমঝুপি বীজ ফার্মের দ্বিতীয় গেটের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গত শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারসংলগ্ন মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে রাজীব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

গাজীপুরের ঘটনায় স্থানীয়রা জানান, নিহত রাজীব শ্রীপুরের বেতঝুড়ি গ্রামের আজহারুল ইসলামের ছেলে। ঘটনার সময় ফার্নিচার ব্যবসার মালামাল আনতে মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তায় যাচ্ছিলেন রাজীব। পথে মাওনা-কালিয়াকৈর সড়কে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিলেটে নিহত ৩ : সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়। অন্যদিকে বিকেলে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্তে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩ জন।