কাট্টলীতে নির্মিত হবে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় নির্মাণ করা হবে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর। প্রায় ২৯ একর জায়গার ওপর এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গতকাল রবিবার প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রকল্পের নকশা পাঠানো হবে। মুক্তিযুদ্ধে চট্টগ্রামের মানুষের বীরত্বগাথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীই এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের মানুষের অবদান অন্যতম। এখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ওয়্যারলেস, ইস্টার্ন জোনের সমন্বয়কারী মরহুম জহুর আহমদ চৌধুরী, মরহুম এম এ আজিজের অনেক স্মৃতি, পাহাড়তলী বধ্যভূমিসহ অনেক বধ্যভূমি রয়েছে। সে হিসেবে এ অঞ্চলের আলাদা একটা গুরুত্ব রয়েছে। ইতিহাস হয়েছে এ অঞ্চলের। নতুন প্রজন্মকে এসব জানাতে হবে।’