দেশের বর্তমান অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম প্রধান বলেছেন, ‘কৃষি, শিক্ষা ও গবেষণাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রয়েছে সময়োপযোগী, বাস্তবসম্মত ও সুপরিকল্পিত অর্থনৈতিক পরিকল্পনা। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এখন বাজেট বরাদ্দ কোনো সমস্যা নয়, বাস্তবায়নে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে দেশ অচিরেই সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হবে।’
গতকাল রবিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ে (বশেমুরকৃবি) দুদিনব্যাপী ‘দীর্ঘ মেয়াদি গবেষণা পর্যালোচনাবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. শামসুল আলম প্রধান। কর্মশালায় তিন বছর (২০১৭-২০) মেয়াদে বাস্তবায়িত মোট ৩৮টি দীর্ঘ মেয়াদি প্রকল্পের গবেষণালব্ধ ফলাফল ৬টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে উপস্থাপিত হবে বলে জানা গেছে।
বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিতীশ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।