নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের হাসি

নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল আর্সেনাল।

রবিবার এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোল জয় তুলে নেয় মিকেল আর্তেতার দল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ মুঠোয় নেয় দলটি। বিরতির পর ব্যবধান কমালেও ম্যাচে ফেরা হয়নি টটেনহ্যামের।

আর্সেনালের পক্ষে গোলগুলো করেন- এমিল স্মিথ, পিয়েরে-এমেরিক অবামেয়াং ও বুকায়ো সাকা। সফরকারীদের একমাত্র গোলটি করেন সন হিউং-মিন।

টানা তিন হারে লিগ শুরু করা আর্সেনাল এদিনের জয়ে পেল টানা তিন জয়। আর উল্টো অভিজ্ঞতা হলো টটেনহ্যামের। প্রথম তিন ম্যাচ জয়ের পর হারল টানা তিনটিতে।

ছয় ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই টটেনহ্যাম। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।