আজ ৫ বছর পূর্ণ করে ৬ বছরে পা রাখল শাকিব-অপুপুত্র আব্রাম খান জয়। ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। পুত্র জয়ের জন্মদিনে পিতা শাকিব খান এক আবেগঘন স্ট্যাটাসে আশীর্বাদ করলেন। পুত্রের উদ্দেশ্যে ছুড়ে দিলেন ভবিষ্যৎ বার্তাও। শুভ কামনায় শাকিব জানালেন জয় যেন শাকিবের সাফল্যকেও ছাড়িয়ে যায়।
শাকিব খান বলেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সব সময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সব সময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশা আল্লাহ।’
নিজের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার শুভ কামনা জানিয়ে শাকিব বলেন, ‘বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাম খান জয়।’