নারী অধিকারের বিষয়ে চুপ থাকবে না আফগান ব্যবসায়ীরা

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নেওয়ার পর থেকেই নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তালেবানদের প্রথম শাসনে তারা নারীদের বিষয়ে কঠোর ছিল। আফগান ব্যবসায়ীরা তালেবানের নতুন শাসনে নারী অধিকারের বিষয়ে চুপ থাকবেন না বলে জানিয়েছেন। খবর: এনডিটিভি

আফগান ব্যবসায়ী নেতা শফিকাহ আত্তাই, যিনি ২০০৭ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাফরান কোম্পানি শুরু করেন। তার জাফরান কোম্পানিতে প্রধানত নারীরাই কাজ করেন। তিনি তার নারী কর্মীদের অধিকারের জন্য কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, তালেবানরা নারীদের বিষয়ে কঠোর হলে ব্যবসায়ীরা চুপ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা আওয়াজ তুলব যাতে এটি তালেবানদের কানে পৌঁছায়। যাই ঘটুক না কেন আমরা ঘরে বসে থাকব না, কারণ আমরা খুব কঠোর পরিশ্রম করেছি।‘

জাফরান কোম্পানি, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মসলা উৎপাদন, প্রক্রিয়া, প্যাকেজ এবং রপ্তানি করে। এ ধরনের কোম্পানিগুলোতে প্রধানত নারীরাই কাজ করেন। যদি নারীদের বাইরে কাজ করতে না দেয় তাহলে ভেঙে পড়বে বলে মত দেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, নারীরা কঠোর পরিশ্রম করেন, তাদের উপেক্ষা করা যাবে না।