আগামী ২৯ সেপ্টেম্বর বুধবার ঈশ্বরদী উপজেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ জন্য বন্ধ রাখতে হবে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়। এই নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে নিরুপায় হয়ে প্রধান শিক্ষকের নিজস্ব ক্ষমতায়নের থাকা ঐচ্ছিক ছুটি থেকে একদিনের এই ছুটি ঘোষণা করা হয়েছে।
আলহাজ্ব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বৈশ্বিক করোনা ভাইরাসের মহামারিতে দীর্ঘ ১৯ মাস পর সম্প্রতি বিদ্যালয় খুলেছে। এমনিতেই শিক্ষা ও শিক্ষার্থীদের অবস্থা নাজুক। এই অবস্থায় বিদ্যালয় বন্ধ করে দলীয় সম্মেলন অনুষ্ঠিত করাটা কতটা শোভনীয় তা সম্মেলন আয়োজকদের ভেবে দেখা উচিত ছিল।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ঈশ্বরদীতে সম্মেলন করার অনেক জায়গা রয়েছে। কিন্তু সেসব জায়গায় না করে বিদ্যালয় বন্ধ করে সম্মেলন করাটা খুবই অবিবেচক। তারপরও যদি সম্মেলনটি বিদ্যালয় বন্ধের বা ছুটির দিনে করা হতো তাও কথা ছিল। কোভিডের কারণে শিক্ষার বেহাল অবস্থা তৈরি হয়েছে। সামনে এসএসসি সহ অন্যান্য পরীক্ষা রয়েছে।
তারা আরও জানান, এই অবস্থায় সম্মেলন মাঠ প্রস্তুতের জন্য বেশ কয়েক দিন ধরে বিদ্যালয়ের গেট দিয়ে বালির ড্রাম ট্রাক, ডেকোরেশনের আসবাবপত্র নিয়ে ভারী যানবাহনগুলোর চলাফেরা শিক্ষক –শিক্ষার্থীদের বেশ শঙ্কিত করেছে।
উপজেলা আ. লীগের বেশ কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৯ সেপ্টেম্বর দলীয় সম্মেলনটি ঈমান কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। পোস্টারও ছাপানো হয়। কিন্তু সেই স্থান বাদ দিয়ে পরে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন স্থানান্তর করা হয়।
কারণ হিসেবে জানা যায়, ২০০৪ সালে আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দলীয় সম্মেলনে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক পদ থেকে প্রথমবারের মতো সরানো হয়। একই মাঠে ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয়বারের সম্মেলনে নুরুজ্জামান বিশ্বাসকে আসতেই দেওয়া হয়নি।
আরও জানা যায়, এখন সময় এসেছে, যে মাঠ থেকে নুরুজ্জামান বিশ্বাসকে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক থেকে সরিয়ে মকলেছুর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছিলো, সেই মাঠ থেকেই এবার মকলেছুর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে অন্য কাউকে সাধারণ সম্পাদক করার আকাঙ্ক্ষা থেকেই স্থানীয় এমপি নুরুজ্জমান বিশ্বাস নিজে সম্মেলনের জন্য আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করেছেন।
আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, আ. লীগ সম্মেলন করবে। তাই প্রধান শিক্ষকের ক্ষমতায়নে তিন দিনের ঐচ্ছিক ছুটির মধ্যে থেকে একদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি ছুটির বিধি মোতাবেক এই ছুটি দিতে পারেন।
ঈশ্বরদী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু জানান, এমপি নুরুজ্জামান বিশ্বাস প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন। নেতা কর্মীদের সঙ্গে কোনোরূপ আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে যাচ্ছেতাই করে চলেছেন। এতে দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
সুষ্ঠু সম্মেলনের জন্য দলের নীতিনির্ধারকগণ এ বিষয়ে হস্তক্ষেপ করবেন বলেও আশাবাদী মিন্টু।