ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী একটি সিএনজি উল্টে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে মোশারফ (০৩) অসুস্থ হয়ে পড়লে মা বিলকিস একটি সিএনজি অটোরিকশা করে অসুস্থ সন্তান ও কন্যা শাহিনুর আক্তার রূপাকে (৭) নিয়ে উপজেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
ওই অটোরিকশায় নিহতদের চাচা জব্বার (২৮), একই গ্রামের আব্দুল্লাহ (২২), মাধবপুর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২) বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (৩৫) ছিলেন।
অটোরিকশাটি আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস অটোরিকশাকে পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোশারফ ও মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন।
আহত পাঁচজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও বিবাড়িয়া হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ঘাতক বাসের চালক হাফিজ উদ্দিন (৪২) ও সহকারী লিটন মিয়া (৩৫) কে মাধবপুর থানা-পুলিশ আটক করেছে। লাশগুলো হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।