ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেওয়ার জন্য আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
সোমবার পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে দেওয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘যদি পরীমণিকে তার জব্দকৃত আলামত ও মালামাল ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনও বিঘ্ন ঘটবে না।’
গত ১৫ সেপ্টেম্বর আইনজীবীরা পরীমণির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি ও মোবাইল, ল্যাপটপসহ আরও অন্যান্য প্রয়োজনীয় জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন।