সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অনুমোদন না মেলায় যে দলে রাখা হয়নি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে।
সোমবার ঘোষিত দলে নতুন মুখ আবাহনী লিমিটেডের তরুণ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। অন্যদিকে কিংসলে ছাড়াও প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু ও আতিকুজ্জামান।
কিংসলেকে সাফে পাওয়া প্রসঙ্গে ‘ফিফটি-ফিফটি’ আশা ছিল বাফুফের। তাই তাকে প্রাথমিক স্কোয়াডে রেখে টুর্নামেন্টে খেলানোর জন্য ফিফা ও এএফসির অনুমোদনের জন্য তৎপরতা চালাচ্ছিল তারা। কিন্তু ফিফা-এএফসি থেকে ছাড়পত্র মেলেনি। তাই বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা বাড়ল তার।
এর আগে ফিফা ও এএফসির ছাড়পত্র না মেলায় বসুন্ধরা কিংসলের হয়ে মালদ্বীপে এএফসি কাপেও খেলা হয়নি তার।
২০১১ সাল থেকে বাংলাদেশের লিগে খেলা কিংসলে বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করেন। এ বছর মার্চে পান বাংলাদেশের নাগরিকত্ব।
১ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার জামাল ভূঁইয়ারা উড়ে যাবেন মালদ্বীপে।
পাঁচ দলের আসরে উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪, ৭ ও ১৩ অক্টোবর ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে খেলবেন জামাল-তপুরা।
রাউন্ড রবিন লিগ ভিত্তিতে প্রথম পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।
সাফের জন্য বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা, জুয়েল রানা।