আফগানিস্তানে দাড়ি কাটায় নিষেধাজ্ঞা

আফগানিস্তানে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। দেশটির হেলমান্দ প্রদেশের নাপিতদের ওপর এ বিষয়ক একটি নিষেধাজ্ঞাও আরোপ করেছে তারা। এছাড়া কাবুলের নাপিতদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে নাপিতরা এখন থেকে কারও দাড়ি শেভ বা কেটে দিতে পারবেন না। গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

তালেবান বলছে, দাড়ি শেভ বা ছাঁটাই করা ইসলাম পরিপন্থী। তালেবানের পুলিশ বাহিনী জানিয়েছে, এই আইন কেউ অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

এদিকে রাজধানী কাবুলে নারীদের জন্য চালু হওয়া একটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হতে যাচ্ছে। এক বছর আগে চালু হওয়া প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নারী উদ্যোক্তা নীলাভ। তিনি জানান, ‘আমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ৩০ জনের বেশি নারীর ড্রাইভিং শেখার আগ্রহ ছিল। কিন্তু গত এক মাসে কেউই প্রশিক্ষণ কেন্দ্রে আসেননি’।