দিন দিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১৪ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি ১৬৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৫১ জন। পাশাপাশি একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৯৮৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২৩১ জন।