এয়ার হোস্টেসের নাচে ৬ কোটিবার দেখা হলো ‘মানিকে মাগে হিথে’

এক নাচ রাতারাতি জনপ্রিয় করে দিল এক এয়ার হোস্টেসকে। সেই ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন ৬ কোটি মানুষ। আর এর পেছনে রয়েছে হালের হিট গান ‘মানিকে মাগে হিথে’।

বিদেশি সংবাদমাধ্যম জানায়, আয়াত উরফ আফরিন একটি বেসরকারি বিমান সংস্থায় এয়ার হোস্টেসের কাজ করেন। কিছুদিন আগে পিপিই কিট পরে বিমানের মধ্যে ভাইরাল হওয়া গান ‘মানিকে মাগে হিথে’তে নেচেছিলেন।

আয়াতের গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফের মতো তারকারা। সব মিলিয়ে আফরিনের প্রাণবন্ত নাচ মন জয় করেছে কোটি মানুষের।

সম্প্রতি আফরিন যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাতে সবাইকে ইংরেজি ও হিন্দি ভাষায় ধন্যবাদ জানান তিনি। ভাইরাল ভিডিওটি ৬ কোটিবার দেখার জন্য নিজেকে ধন্য মনে করছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি এখনো আমার নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু আপনাদের মুখে হাসি ফোটানোর কারণ হতে চাই। আর আপনাদের গর্বিত করতে চাই।’

শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’ সম্প্রতি ইন্টারনেটে খুবই জনপ্রিয়তা পেয়েছে। শোনা হয়েছে কোটি কোটিবার। পাশাপাশি কাভার করা গানও পছন্দ করেছেন শ্রোতারা।