জনসমাগমে অপ্রীতিকর পরিস্থিতি যেন পিছু ছাড়ছে না ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর। চড়কাণ্ডের পর এবার তিনি ‘ডিম হামলার’ শিকার।
সোমবার ফ্রান্সের লিও শহরে একটি বাণিজ্য মেলায় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেলা পরিদর্শন করছিলেন ম্যাখোঁ। একপর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন এক ছাত্র এবং বলে ওঠেন- ‘ভিভা লা রেভ্যুলিউশন অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক’।
পুলিশ সঙ্গে সঙ্গেই ওই ছাত্রকে গ্রেপ্তার করে। জানা গেছে, পুলিশ পরিষেবার ওই ছাত্র রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে চরম বামপন্থী।
তবে কীসের প্রতিবাদে তিনি প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুড়েছিলেন, তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, ডিমটি ভাঙেনি। সেটি ম্যাখোঁর ঘাড়ে হালকা আঘাত করে নিচে পড়ে যায়। তবে এ ঘটনায় তিনি এবং তার দেহরক্ষীরা বেশ চমকে যান।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি এক ব্যক্তি চড় মেরে বসেছিলেন ফরাসি প্রেসিডেন্টকে। গত কয়েক বছরে ফ্রান্সের মধ্যবিত্তদের মধ্যে তার প্রতি অসন্তোষ বেড়েছে।