নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চার প্যাকেজিং শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার তারাব সুলতানা কামাল সেতুর পাশে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাতুল, বাবর আলী, আব্দুর রহিম ও ছফু মিয়া। এ ব্যাপারে সোমবার রাতে ওই কারখানার শ্রমিকের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কারখানা শ্রমিক ও তার মা পরিবারসহ উত্তর তারাব এলাকায় বাস করেন।
তার মেয়ে রূপগঞ্জের পাশে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় একটি প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে সুলতানা কামাল ব্রিজ হয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ওই প্যাকেজিং শ্রমিক ব্রিজের পূর্বপাশে পৌঁছালে রাতুল (২৫), বাবর আলী (২৫), রহিম (৩৮), সফু (৪০), আ. রহমান (৩৮) মিলে ওই কিশোরীকে তারাব ইউনিয়নের (বর্তমান পৌরসভা) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল চেয়ারম্যানের কেয়ারটেকার মন্টুর কক্ষে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।
ধর্ষণের ঘটনা কাউকে জানালে মেরে ফেলবে বলে হুমকি-ধমকি দেয়।
গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অভিযুক্ত আসামিরা পুনরায় ওই কিশোরীকে দল বেঁধে ধর্ষণ করেন।
গত সোমবার রাতে এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর কয়েক ঘণ্টার মধ্যেই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।