দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাভবান হচ্ছেন আ. লীগের সঙ্গে জড়িতরা: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের জনগণের প্রতি কোনো রকমের দায়িত্ব নাই। জনগণের প্রতি তাদের কোনো দয়া-মায়া নাই। তাই আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যস্বত্ব ভোগী যারা লাভবান হচ্ছেন তারা সকলেই আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সার, বীজ, কীটনাশক, ডিজেল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আজকে প্রশাসনে দলীয়করণ করে সম্পূর্ণ প্রশাসনকে ভেঙে দিয়েছে। তাই প্রশাসন থেকেও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। প্রশাসনও আওয়ামী লীগের সাথে সহযোগিতা করে আজকে কৃষকের ন্যায্য মূল্য দিচ্ছে না।

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে। আর তাদেরকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে দেয়া যাবে না। তাই এই সরকারকে বিদায় করতে হবে। আর বিদায় করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনকে দায়িত্ব নিতে হবে।

কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের সহ- সভাপতি এসএম জাহাঙ্গীর প্রমুখ।