ড্যানিয়েল ক্রেইগ পরবর্তী জেমস বন্ড নিয়ে কী ভাবছেন প্রযোজক

সম্পর্কে সৎভাই-বোন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি অনেকদিন ধরে জেমস বন্ড সিরিজের প্রযোজকের দায়িত্ব পালন করছেন। সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’-এর মাধ্যমে ড্যানিয়েল ক্রেইগ শেষবার আইকনিক গোয়েন্দা চরিত্রে দেখা দেবেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, কে হবেন পরবর্তী বন্ড? বিষয়টি নিয়ে কী ভাবছেন দুই প্রযোজক?

বছর খানেক বা আরও বেশি সময় ধরে পরবর্তী জেমস বন্ড নিয়ে গুঞ্জন চলছে। এসেছে বেশ কিছু নামও। সেই গুঞ্জনে আপাতত পানি ঢেলে দিলেন বারবারা ও মাইকেল। কারণ ২০২২ সালের আগে তারা এ নিয়ে ভাবতে চান না।

বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ভাই-বোন।

বারবারা ব্রোকলি জানান, তারা পরবর্তী জেমস বন্ড নিয়ে কিছুই ভাবছেন না। বরং ড্যানিয়েল ক্রেইগকে নিজের সময়টা উদযাপন করতে দিতে চান। আগামী বছর ভবিষ্যতের পরিকল্পনা শুরু করবেন।

১৫ বছর ধরে বন্ড চরিত্রে অভিনয় করছেন ড্যানিয়েল। মাইকেল জানান, বন্ড চরিত্রে অসাধারণ করেছেন এ অভিনেতা। তারা এখনই তার মতো বড় অভিনেতার শূন্যস্থান পূরণ নিয়ে চিন্তা করেননি।

এরই মধ্যে বন্ড চরিত্রের জন্য টম হার্ডি, রেগে-জিন পেজ, জেমস নর্টন, লুক ইভান্স, ইদ্রিস এলবা ও হেনরি কাভিলের মতো তারকাদের নাম ওঠে এসেছে। এমনকি নারী বন্ড হিসেবে লাশানা লিঞ্চের নামও বলছেন কেউ কেউ। যদিও নারী বন্ডের বিষয়টি সরাসরি নাকচ করেছেন বারবারা। তার মতে, বন্ড বরাবরই পুরুষ চরিত্র। আশা করেন, নারীদের নিয়ে অনেক অনেক ছবি হবে। কিন্তু পুরুষ চরিত্রের জন্য নারী নয়।

মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে ‘নো টাইম টু ডাই’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর, আর যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ৮ অক্টোবর। এর মাঝে জুরিখ চলচ্চিত্র উৎসব দিয়ে প্রথমবারের মতো কোনো উৎসবের অফিশিয়াল সিলেকশন হিসেবে দর্শক দেখবে ছবিটি।

ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রালফ ফিয়েনেস, নাওমি হ্যারিস, বেন হিশাও, জেফ্রি রাইট, লিয়া সেদুও, ক্রিস্টফ ভালৎজ, রেফ ফাইঞ্জ, রামি মালেক, আনা ডি আরমাস, লাশানা লিঞ্চসহ অনেকে।