ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. রাসেল (২৯), মো. দুলাল (৩২), মামুন (২৯), সীমান্ত (২৮), রাকিব (২০), সাগর আহমেদ (২৮), সাকিব (২১), টিটু (২৭) ও রনি (২৫)।
তারা সবাই ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা গেছে, তারা সংঘবদ্ধভাবে গভীর রাতে ময়মনসিংহ রেল স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতি করত। এ ছাড়া নেত্রকোনা ও জামালপুরসহ অন্যান্য জেলাতেও তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করত বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে মহানগরীর চর কালিবাড়ির মইলাকান্দা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়েছে। আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।