সাফ খেলতে মালদ্বীপ গেলেন জামালরা

মালদ্বীপে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা ছাড়েন জামাল ভূঁইয়ারা।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল উৎসব সাফ মাঠে গড়াবে ১ অক্টেবর। এবারের আসরে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ ছাড়াও রয়েছে- ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

আসরে খেলা হবে রাউন্ড রনি লিগ পদ্ধতিতে। প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারি দুই দল ১৬ অক্টোবর ফাইনাল খেলবে।

উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪, ৭ ও ১৩ অক্টোবর ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে খেলবেন জামাল-তপুরা।

সাফের আগে ইংলিশ কোচ জেমি ডেকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অন্তবর্তীকালীন কোচ অস্কার ব্রুজোনের অধীনে সাফ মিশনে নামবেন জামাল-তপুরা।

সাফের জন্য বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা, জুয়েল রানা।