‘তালিকা পেলে অনৈতিক কাজে জড়িত নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা’

তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা পেলে অনৈতিক কাজে জড়িত নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিতে বিটিআরসির আইনজীবী ফারজানা শারমিন আদালতকে এ কথা বলেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ গত সেপ্টেম্বর মাসে সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করে দিতে সরকারকে নির্দেশ দেন।

বিটিআরসির আইনজীবী আজ আদালতে বলেন, গত ২২ সেপ্টেম্বর সব নিবন্ধিত ও অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা চেয়ে তথ্য মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দিয়েছে বিটিআরসি। কিন্তু, সে তালিকা এখনও পাওয়া যায়নি।

তিনি বেঞ্চের আগের আদেশ কার্যকর করতে আরও ২ সপ্তাহ সময় প্রার্থনা করেন।