দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে-অফ খেলার আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।
মঙ্গলবার শারজাহয় অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে বলে আলো ছড়িয়ে কলকাতার জয়ে বড় ভূমিকা রাখেন সুনিল নারিন। বল হাতে ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট শিকারের পর ১০ বলে ১ চার ও ২ ছক্কায় খেলেন ২১ রানের ইনিংস। সুবাদে ১২৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ছুঁয়ে ফেরে কলকাতা।
ছোট্ট লক্ষ্য তাড়ায় ৯৬ রানে ৫ উইকেট হারিয়েছিল কলকাতা। তবে কাগিজো রাবাদার করা ১৬তম ওভারে ২১ রান তোলেন সুনিল নারিন ও নিতিশ রানা। যার ১৯ রানই নিয়েছেন নারিন। ওই ওভারেই ম্যাচ মুঠোতে চলে আসে কলকাতার।
পরে নারিন ও টিম সাউদির উইকেট হারালেও নিতিশ রানা দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। নিতিশ ২৭ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৬ রান করেন।
এ ছাড়া ওপেনার শুভমান গিল ৩৩ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। দিল্লির পক্ষে আবেশ খান সর্বাধিক ৩ উইকেট নেন।
এর আগে রিশভ পন্তের ৩৬ বলে ৩৯ ও স্টিভেন স্মিথের ৩৪ বলে ৩৯ রানে ৯ উইকেটে ১২৭ রানের পুঁজি পড়ে দিল্লি ক্যাপিটালস। নারিন ছাড়াও কলকাতার পক্ষে ২টি করে উইকেট নেন লুকি ফার্গুসন ও ভেঙ্কটেশ আইয়ার।
এই হারে টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারাল দিল্লি। তবে সেরা দুইয়ে থেকে প্লে-অফ খেলার দৌড়ে সুবিধাজনক অবস্থানে দলটি। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে কলকাতা আছে টেবিলের চতুর্থ স্থানে। তবে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আরো তিনটি দল আছে সেরা চারের দৌড়ে।