হার্ট অ্যাটাকে রফিকুল ইসলাম ফাহিম নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ফাহিম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ফাহিমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। সাত ভাই-বোনের মধ্যে পঞ্চম ছিলেন ফাহিম।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফাহিমের ছোট ভাই বোরহান উদ্দিন তুহিন বলেন, ভাইয়া সুস্থই ছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ বুকের ব্যাথা শুরু হলে আমরা লাকসামে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পথেই তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল (বুধবার) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।