টেস্ট থেকে মঈনের বিদায়ে হতাশ রুট

টেস্ট থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন মঈন আলি। দুই বছর পর ফিরে এসে খেলেছেন ৪ টেস্ট। কিন্তু এই সময়েই বুঝে গেছেন লম্বা ফরম্যাটে আগের নিবেদন, আনন্দ বা আগ্রহ কোনো কিছুই ফিরে পাচ্ছেন না। অগত্যা টেস্ট ক্রিকেটকেই বিদায় বলে দিলেন ইংল্যান্ড অলরাউন্ডার।

মঈনের টেস্ট ছাড়ার ঘোষণায় হতাশা প্রকাশ করে অধিনায়ক জো রুট বলেছেন, ‘ওর ক্যারিয়ারেই ওর হয়ে কথা বলে এবং ও লাল বলের ক্রিকেটে কিছু অসাধারণ পারফরম্যান্স করেছে। ওর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা দারুণ সৌভাগ্যের। মো’র অনুপস্থিতি দলের জন্য বিরাট ক্ষতি। অনেক সময় অনেকে হয়তো ওর যতটা কৃতিত্ব প্রাপ্য ততটা দেয় না, তবে দলের  ভেতরে কিন্তু ছবিটা এমন নয়। ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দারুণ একজন রোল মডেল। হয়তো ওর ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আমরা ভিন্নভাবে সামলাতে পারতাম, তবে এটা করার থেকে বলা অনেক সহজ।’ ব্যাপারটি টেস্ট খেলার আগ্রহ হারিয়েছেন এমন নয়, টেস্ট খেলাটা উপভোগ করতে পারছিলেন না মঈন। ‘সত্যি বলছি মনে হচ্ছে হবে না। আগের জায়গায় ফিরতে পারছি না। চেয়েছিলাম ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি খেলব। সেখানে আমার কিছু রেকর্ড ছোঁয়ার ছিল (৩ হাজার রান ও ২০০ উইকেট) কিন্তু ম্যাচটি যখন এক বছর পিছিয়ে গেল তখন আর মন টানল না। আমি আগেও ভুল শট খেলেছি এবং বাজে সময় কাটিয়েছি কিন্তু এবারের মতো মনোসংযোগের অভাব কখনো হয়নি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই আমি ভালো করার চেষ্টা করছি কিন্তু পারছি না বলেছেন মঈন।