ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার রজার হান্ট আর নেই। ৮৩ বছর বয়সে মারা গেছেন ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্য।
লিভারপুল ভক্তদের কাছে তিনি ‘স্যার রজার’ নামে পরিচিত ছিলেন। লিভারপুলের হয়ে রেকর্ড ২৪৪ লিগ গোল তার।
ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৩৪ ম্যাচ, গোল করেছেন ১৮টি। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন তিনি।
দীর্ঘদিন অসুস্থতায় ভুগে সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান লিভারপুলের কিংবদন্তি এই স্ট্রাইকার।
নিজেদের এই কিংবদন্তি ফুটবলারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার পোর্তের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে লিভারপুলের খেলোয়াড়রা।
১৯৩৮ সালের ২০ জুলাই জন্ম হান্টের। ১৯৫৮ সালে লিভারপুলে যোগ দেন। ১৯৬৯ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ৪৯২ ম্যাচ।
কিংবদন্তি কোচ বিল শ্যাঙ্কলির কোচিংয়ে ১৯৬২ সালে ৪১ ম্যাচে ৪১ গোল করে লিভারপুলকে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন করে প্রথম বিভাগে তুলতে হান্টের ছিল বড় অবদান।
এরপর দলটির হয়ে ১৯৬৪ ও ১৯৬৬ সালে প্রথম বিভাগের শিরোপা জেতেন তিনি। মাঝে ১৯৬৫ সালে জেতেন এফএ কাপ।